নীলফামারীতে পৃথক দুটি বাল্যবিবাহের আয়োজনের ঘটনায় গত দুই দিনে বরসহ চারজনকে ২৫ দিন করে কারাদণ্ড, কনের বাবাসহ তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আদালতের বিচারক সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী ওই শাস্তি ও জরিমানা করেন। জানা গেছে, সম্প্রতি লক্ষ্মীচাপ ইউনিয়নের এক কিশোর (১৬) বর সেজে কনের বাড়িতে যাওয়ার সময় ওই বাড়িতে যায় ইউনিয়নের ভিডিপি কমান্ডারসহ গ্রাম পুলিশ। এ সময় বর ও তার বাড়ির লোকজন ভিডিপি কমান্ডার মোখছেদকে লাঞ্ছিত করেন। পরে বৃহস্পতিবার পুলিশ বর, বরের বাবা ও বরের দুই চাচাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সদরের রামনগর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে কনের বাবা, কনের চাচা ও এক পুরোহিতকে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।