চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে খোকন দাস হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিরব হোসেন ৮ মে অভিযোগপত্র দেন।
এসআই নিরব হোসেন বলেন, একটি ইজিবাইকের জন্য খোকন দাসকে হত্যা করা হয়। ঘটনার পর বাদীপক্ষ অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করলেও মুঠোফোনের সূত্র ধরে তিনি খুঁজে পান হত্যার প্রকৃত রহস্য। তদন্ত শেষে যাঁদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের আবু হানিফ (২২), হাফিজুর রহমান (২৭), ঢাকার ধামরাইয়ের শ্রীকান্ত মজুমদার (৩১) ও সোহেল রানা (২৩)।
মামলা সূত্রে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের মৃত শ্যামপদ দাসের ছেলে খোকন দাস (৩৮) ২০১৬ সালের ২০ জুন নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার পাঁচ দিন পর কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের একটি খেতে অর্ধগলিত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন শনাক্ত করেন লাশটি খোকন দাসের। এ ঘটনায় খোকন দাসের ভাই রিপন দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২৬ জুন কালীগঞ্জ থানায় মামলা করেন।
এসআই নিরব বলেন, মামলার তদন্ত চলাকালে তিনি ধামরাই থেকে অর্পণ মজুমদারকে আটক করেন। অর্পণের কাছে খোকন দাসের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়, যা ঘটনার সময় ছিনতাই হয়েছিল। এরপর অর্পণকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে মামলার বাকি তথ্য। একই এলাকা থেকে আটক করা হয় সোহেল রানাকে। তাঁর কাছে পাওয়া যায় ছিনতাই হওয়া ইজিবাইকটি। এঁদের দুজনের দেওয়া তথ্যানুযায়ী আটক করা হয় ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের আবু হানিফ ও হাফিজুর রহমানকে। তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে আগেই আটক হওয়া দুই ব্যক্তি জানান।