চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাড়িতে আনোয়ারা খাতুন ওরফে সোনারা বেগম (৬৫) হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে গত বুধবার অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি গৃহকর্মীসহ দুজনের পরিচয় না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আবদুল আউয়াল চৌধুরী এ অভিযোগপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র আদালতে নথিভুক্ত হয়েছে বলে তিনি জানান।অভিযুক্তরা হচ্ছেন: উপজেলার কাজিরখলা গ্রামের মো. ছালিক মিয়া, রাজু আহমদ, সিলাম টিকরপাড়া গ্রামের মনোয়ার হোসেন ও সিলাম নোয়াপাড়া গ্রামের মো. আবদুস শহীদ কামালী। তবে আবদুস শহীদ ছাড়া অন্যরা পলাতক। মামলার এজাহারভুক্ত আসামি গৃহকর্মী সেলিনা বেগম ও সামছু নামের দুজনের পরিচয় না পাওয়ায় মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।অভিযোগপত্রে হত্যার কারণ ও বিবরণ দিয়ে বলা হয়, নিহত আনোয়ারা খাতুনের প্রতিবেশী ছালিক মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তাঁর বিরোধ চলছিল। এ কারণে দলিল চুরি করতে গত ২৪ অক্টোবর শহীদ কামালী, মো. ছালিক ও মনোয়ার হোসেন ঘরে ঢোকেন। সেলিনা বেগম তাঁদের সাহায্য করতে পশ্চিম পাশের দরজা খুলে দেন। পরে ছালিক আনোয়ারার মুখে বালিশচাপা দেন। মনোয়ার ও শহীদ মিলে আনোয়ারার হাত বাঁধেন। শহীদ আনোয়ারার দুই পা বাঁধেন। বাইরে তাঁদের অপর সহযোগী রাজু ও সামছুু পাহারা দেন। পরে ছালিক নিজের হাতে থাকা দা দিয়ে আনোয়ারার কনুইয়ের নিচ, বাঁ হাত ও হাঁটুর নিচে কয়েকটি কোপ মারেন। ছালিক আনোয়ারার গলাসহ শরীরে ২০টি কোপ দেন। আনোয়ারা কিছুটা নিস্তেজ হলে তাঁর হাতের বালা, আংটি, স্বর্ণের চেইন সেলিনা খুলে নেন। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর উপজেলার নিজ বাড়ি থেকে আনোয়ারার লাশ উদ্ধার করা হয়। পরদিন প্রথম আলোয় ‘নিঃসঙ্গ মা, নৃশংস খুন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে ঘটনাটি আলোচিত হয়।