চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পৌর কাউন্সিলরসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। গত সোমবার ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করে।আসামিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেন (১৯), তাঁর বাবা হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও যুবলীগের কর্মী জাকির হোসেন।পুলিশ জানায়, ওই পরীক্ষার্থীকে আরিফ হোসেন গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হত্যার ভয় দেখিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাড়িতে সালিস বৈঠক হয়। বৈঠকে মাতবরেরা বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালান এবং ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ছাত্রীর অভিভাবকের সই নেন। ২ মার্চ বিকেলে মেয়েটি বাবাকে নিয়ে মামলা করার জন্য থানার উদ্দেশে রওনা হয়। এ সময় মিজানুর, জাকির ও হারুনুর রশিদ তাঁদের আটক করেন। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আবারও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁরা মেয়েটির স্বাক্ষর নেন। খবর পেয়ে গত সোমবার পুলিশ মেয়েটিকে শাহরাস্তি থানায় এনে আরিফসহ চারজনের বিরুদ্ধে মামলা নেয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।