চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক
জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আহরিত অর্থ গোপন করাসহ বিভিন্ন অভিযোগে চারজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রোববার রাতে রাজধানীর তিনটি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাগুলো করা হয়। পুলিশ জানায়, দুর্নীতি দমন কমিশনের (প্রধান কার্যালয়) সহকারী পরিচালক এসএমএম আকতার হামিদ ভুঁইয়া এবং দুদকের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী বাদী হয়ে রমনা, মতিঝিল ও ধানমন্ডি থানায় ওই পাঁচটি মামলা করেন। আসামিরা হলেন: আবু সাইদ সুমন, মোস্তাক আহমেদ ওরফে এইচ এম এ বারিক, মিসেস খুরশিদা আফরিন ওরফে মোরশিদা হাওলাদার ও তানভীর মাহফুজ। তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আহরিত অর্থ গোপন, জাল সঞ্চয়পত্র ও ভুয়া এফডিআরের মাধ্যমে বিল উত্তোলন করে অবৈধ পন্থায় অর্পিত অর্থ হস্তান্তর, রূপান্তরসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ আনা হয়েছে।