শরীয়তপুরে গায়েহলুদের আসরে অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় গতকাল শুক্রবার সখীপুর থানায় মামলা হয়েছে। মামলার দুই সন্দেহভাজন আসামিকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে শরীয়তপুর সদর উপজেলার ভেদরগঞ্জের সরকারকান্দি গ্রামে নিজ বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানের সময় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন বর সেলিম সরকার ও তাঁর আট বছরের ভাগনি রাবেয়া আক্তারসহ পাঁচজন। অভিযোগ রয়েছে, এলাকার এক যুবক সেলিমের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁকেই মূলত সন্দেহ করছেন সেলিমের স্বজনেরা।
দগ্ধ ব্যক্তিদের বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সেলিমের মুখমণ্ডলের কিছু অংশসহ শরীরের ৩০ শতাংশ ও রাবেয়ার শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
ওই অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গতকাল সখীপুর থানায় অ্যাসিড-সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে করা মামলার বাদী হয়েছেন সেলিম সরকারের ভাই ইউনুস সরকার। মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর সরকার বলেন, চারজনের মধ্যে সাদ্দাম হোসেন (২২) ও তুহিন মিয়াকে (২০) বিকেলে তাঁদের গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই সন্দেহভাজন সিফাত হোসেন ও জয়নালের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ছুড়ে দেওয়া ওই তরল পদার্থ অ্যাসিড না অন্য কিছু—জানতে চাইলে ওসি বলেন, অ্যাসিড ছোড়ার অভিযোগে মামলা হয়েছে। এখন সেই তরল অ্যাসিড না অন্য কিছু, এটা রাসায়নিক পরীক্ষার পরই বলা যাবে।
গতকাল বার্ন ইউনিটে গিয়ে কথা হয় সেলিমের আরেক ভাই সাদেক সরকারের সঙ্গে। তিনি বলেন, সেলিম কিছু খেতে পারছেন না। দুই দিন ধরে স্যালাইন চলছে। মাঝেমধ্যে মুখে কমলা বা অন্য ফলের রস ফোঁটা ফোঁটা করে দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন রাবেয়ার অবস্থা তুলনামূলক ভালো। বিকেলে দেখা যায়, সে কলা খেতে খেতে মায়ের সঙ্গে কথা বলছে। তার মা সরলা বেগম জানান, দুই দিন ধরে ফল ছাড়া অন্য কিছু খাচ্ছে না শিশুটি।