রাজধানীর পল্লবীর আবাসিক এলাকায় এক বাড়িতে ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
চারজনের মধ্যে আসামি কামরুজ্জামান ওরফে কামরুল, মাসুম মাতব্বর ওরফে মাসুম ও জাকির হোসেন বাহারের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। আসামি আজিমকে খালাস দেওয়া হয়েছে।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম শফিকুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। পরে ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চারজনের মধ্যে তিনজনের দণ্ড বহাল রাখা হয়েছে। আজিমকে খালাস দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে।
এম শফিকুল ইসলাম বলেন, আজিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।
আইনজীবী সূত্র জানায়, ২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবী আবাসিক এলাকার একটি বাড়িতে ছয়জনকে জবাই করে হত্যা করা হয়। তাঁরা হলো গৃহকর্মী খাদিজা (১৫), আন্না (১৪), মনির (১২), সাবেক ভৃত্য রিজিয়া (৪২), তাঁর ছেলে তোফেল (১৭) ও দারোয়ান মিলন বকশি। এ ঘটনায় বাড়ির মালিক সিরাজুল হক পরদিন ১৪ অক্টোবর পল্লবী থানায় মামলা করেন। পরে বাড়ির মালিকের গাড়ির সাবেক চালক মাসুম মাতব্বর গ্রেপ্তার হন। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই মামলায় ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আসামি কামরুল, মাসুম মাতব্বর, জাকির হোসেন ও আজিমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। গত সপ্তাহে শুনানি শেষ হয়।