চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মামলার অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকা জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সুমন ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন ও নাজির উদ্দিন। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর বিচারক দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, একই পরিবারের চারজনকে হত্যা করা হয়। ঘটনাটি মর্মান্তিক ও এটি নৃশংস হত্যাকাণ্ড। এ ধরনের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন আদালত। রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা সাক্ষ্য-প্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিক অবস্থায় প্রমাণিত হয়েছে আসামিরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অপর আসামি আফসানা আকতারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় ছয়তলা একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে অটোরিকশাচালক সাজু আহমেদ, তাঁর স্ত্রী রাজিয়া বেগম, তাঁদের পাঁচ বছরের ছেলে ইমরান ও তিন বছরের মেয়ে সানজিদার হাত-পা, চোখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাজুর ভাই বশিরউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৬ জানুয়ারি এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৪ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে।
মামলার নথি থেকে জানা যায়, আসামিরা অতিথি সেজে নিহত সাজুর বাসায় যান এবং রাতের কোনো এক সময় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সাজু আহমেদ এবং তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। অভিযোগপত্রে আরও বলা হয়, নিহত সাজু এবং আসামিরা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য ছিলেন। লুটের মালামালের ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন খন্দকার আবদুল মান্নান।