চারজনের লাশ গ্রামে, শোকে মুহ্যমান পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে ডায়িং কারখানার অগ্নিকাণ্ডে নিহত আট শ্রমিকের মধ্যে চারজনই ভাই। দুজন যমজ। অন্যরা তাঁদের চাচাতো ও ফুফাতো ভাই। তাঁদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে। তাঁরা ছিলেন পরস্পরের খেলার সঙ্গী। কাজেও ছিলেন পরস্পরের সহকর্মী। গতকাল চার ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়।তাঁরা হলেন যমজ দুই ভাই হাবিল (২০) ও কাবিল (২০), তাঁদের ফুফাতো ভাই আসমাউল (১৭) ও চাচাতো ভাই সালাউদ্দিন ওরফে চয়ন (২০)।‘তুমরা আমার জুড়া মানিকরে আইনে দ্যাও, আমার খালি বুকডারে ভইরে দ্যাও, আমার পরাণডারে ঠান্ডা কইরে দ্যাও।’ রাজধানীর শ্যামপুরের ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডে দুই যমজ ছেলে হারানোর শোকে কাতর সুন্দরী খাতুন এভাবেই আহাজারি করছিলেন। আর বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেহারা এই মায়ের কান্না গতকাল শুক্রবার তাঁদের বাড়ি আসা সবার চোখ ভিজিয়ে দিচ্ছিল।একই গ্রামের চার তরুণের এভাবে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা তো বটেই, গ্রামের বাসিন্দারাও শোকে মুহ্যমান। তাঁরা নির্বাক প্রায়।রাজধানীর শ্যামপুরের সোনারগাঁও ফেন্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িং লিমিটেড কারখানায় গত বৃহস্পতিবার ভোরে আগুনে পুড়ে আটজন শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের চারজনই এই কুলচারা গ্রামের। একই পরিবারের সদস্য তাঁরা। দুজন আবার যমজ ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই চারজনের লাশ কুলচারা গ্রামে পৌঁছায়। রাত আড়াইটার দিকে স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় তাঁদের।হাবিল ও কাবিলের বাবা জামানুর রহমান জানান, তাঁর তিন ছেলে ও এক মেয়ে। অন্যের জমি চাষাবাদ করে ছয় সদস্যের সংসার চালাতেন তিনি। দারিদ্র্যের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা। টাকা-পয়সার অভাবে সন্তানদের বেশি দূর পড়াশোনা করাতে পারেননি। প্রায় পাঁচ বছর আগে ভাই মিজানুর রহমানের পরামর্শে তাঁরই ওই ডায়িং কারখানায় হাবিল ও কাবিলকে কাজে দেন। দুই যমজের উপার্জনে সংসারের চাকা আবার সচল হয়। ফিরে আসে স্বচ্ছন্দ। এখন কি না ওঁরাও ফিরে এল লাশ হয়ে। তিনি জানান, পরে তাঁদের চাচাতো ভাই চয়ন এবং ফুফাতো ভাই আসমাউলও একই কারখানায় কাজে যোগ দেন। গ্রামের আরও তিনজন একে একে যোগ দেন ওই কারখানায়। চয়নের বাবা বর্গাচাষি আবদুল কাদের। তিনি জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। চয়ন ছিলেন সবার ছোট।চয়নের মা হালিমা খাতুন বলেন, গত বুধবার চয়ন তাঁর সঙ্গে সর্বশেষ কথা বলেন। মাকে জানান, এখন প্রতিদিন অতিরিক্ত কাজ করছেন। পহেলা বৈশাখে বাড়ি আসবেন। ওই সময় পাকা বাড়ি তৈরি করে দেবেন। পরিবারের থাকার কষ্ট দূর হবে। আসমাউলের মামা জামানুর জানান, জন্মের মাত্র তিন মাসের মাথায় আসমাউল এতিম হন। দুই বোন ও মাকে নিয়ে তাঁর কাছে আশ্রয় নেন। বাবাকে হারানোর পর ১১ বছর বয়সে মাকেও হারান তিনি।