সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শ্রেণিকক্ষে গুলিবিদ্ধ হয়ে খালেদ আহমদ ওরফে লিটু (২৭) নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের চার কর্মীর সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার পরিদর্শক জাহিদুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, বিয়ানীবাজার আমল গ্রহণকারী আদালতে গত বুধবার ছাত্রলীগের কর্মী ফাহাদ আহমদ, কামরান হোসেন, এমদাদ হোসেন ও দেলোয়ার হোসেনকে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
গত সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ওরফে পল্লবের অনুসারী দুই পক্ষের সংঘর্ষের পর কলেজের শ্রেণিকক্ষে গুলির শব্দ হয়। পরে সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ খালেদ আহমদ লিটুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
খালেদ মুঠোফোন দোকান ব্যবসায়ী। তাঁর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার খাসা গ্রামে। এ ঘটনায় খালেদের বাবা খলিল উদ্দিন বাদী হয়ে সাতজনের নামোল্লেখ করে বিয়ানীবাজার থানায় সোমবার রাতে হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন ও পরে পুলিশের অভিযানে আটক একজনকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।