চারটার পর ব্যালটে সিল
বিকেল চারটার পর বিনা বাধায় ব্যালটে সিল মারতে দেখা গেছে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানে নারী-পুরুষের জন্য চারটি ভোটকেন্দ্র ছিল। ভোট গ্রহণের নির্ধারিত সময় পার হওয়ার পরপরই একটি নারী ভোটকেন্দ্রে প্রবেশ করেন সরকার-সমর্থকেরা। কেন্দ্রের ৪ নম্বর ভোট কক্ষে ঢুকে তাঁরা ব্যালট বই নিয়ে সিল মারতে শুরু করেন। চারটা ১৬ মিনিটে শেষ হয় তাঁদের সিল মারা। তারপর ব্যালট বাক্সটি পাঠিয়ে দেওয়া হয় প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে।
সরেজমিন উপস্থিত থেকে দেখা যায়, এ সময় ভোটকেন্দ্রের ভেতরেই ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাঁরা না দেখার ভান করে ছিলেন।
জানতে চাইলে উপস্থিত ভোট গ্রহণকারী কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি। ব্যস্ততা দেখিয়ে এই প্রতিবেদককে এড়িয়ে যান তাঁরা। উত্তরা ৪ নম্বর সেক্টরের নারী ভোটারদের জন্য কেন্দ্রটি নির্ধারিত ছিল। নির্বাচন কমিশনের ১৩ নম্বর কেন্দ্র হিসেবে এটি নিবন্ধিত।
পৌনে চারটা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়ে: এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৯৪। ভোট পড়েছে ১০৩২টি। তবে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার সময় ভোটারদের কোনো সারি ছিল না। ভোটকক্ষের সামনে তদারকির জন্য কয়েকজন নারীকে দেখা যায়। এ কেন্দ্রটি সারা দিনই নিবিড় পর্যবেক্ষণে রাখেন প্রথম আলোর এ প্রতিবেদক।