কোনো সদস্যকে আজীবনের জন্য বহিষ্কারের ক্ষমতাসহ ঢাকা ক্লাবের গঠনতন্ত্রের চারটি অনুচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে গঠনতন্ত্রের এসব অনুচ্ছেদ নিবন্ধন কেন অবৈধ ও কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জয়েন স্টক কোম্পানির রেজিস্ট্রারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সাদাত হোসেন সেলিম রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মুহাম্মদ মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আইনজীবী মোতাহার হোসেন বলেন, ঢাকা ক্লাবের গঠনতন্ত্রের ১৫,৩৩ (বি), ৩৪ ও ৩৫ অনুচ্ছেদের কার্যক্রমে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে রুল জারি করেছেন। এসব অনুচ্ছেদে সদস্যপদ বাতিল ও কেড়ে নেওয়ার শর্তগুলো বলা আছে।