নারায়ণগঞ্জে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুটি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত সদর উপজেলার আলীরটেক ডিক্রিরচর ও বক্তাবলী এলাকায় এ অভিযান চলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ধলেশ্বরী নদী দখল করে ইটভাটার স্থাপনা নির্মাণের অপরাধে আলীরটেক ডিক্রিরচর এলাকায় অবস্থিত টিবিএম-১ ও টিবিএম-২ ইটভাটার মালিক জয়নাল মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া বক্তাবলী এলাকায় বুড়িগঙ্গা নদী দখল করে ইটভাটা নির্মাণের অপরাধে বক্তাবলী রাজাপুর এলাকার শাহ ফতেউল্লাহ ও মহিউদ্দিনের মালিকানাধীন দুটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে বক্তাবলী খেয়াঘাটসংলগ্ন এলাকায় নদী দখল করে গড়ে ওঠা জামান ও মামুনের অবৈধ তেলের দোকান উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।