চারটি অভিযোগের পক্ষে যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল চারটি অভিযোগের পক্ষে যুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনকালে বলেছে, এসব অভিযোগের পক্ষে ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ নিয়ে এই ট্রাইব্যুনালে বিচারাধীন দ্বিতীয় মামলায় যুক্তি উপস্থাপন শুরু হলো। যুক্তি উপস্থাপন শুরু হওয়া প্রথম মামলাটি হলো জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে।যুক্তি উপস্থাপনকালে সাহিদুর রহমান বলেন, একাত্তরে তৎকালীন পূর্ব পাকিস্তানের গোয়েন্দা পুলিশের প্রতিবেদন অনুসারে, একাত্তরের ২১ এপ্রিল ফরিদপুরে পাকিস্তানি সেনারা যায়। মে মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরে রাজাকার বাহিনী গঠিত হয়। এসব তথ্য রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষীর সাক্ষ্যেও আছে। তিনি জানান, আযাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ হলো: একাত্তরের জুনের প্রথম সপ্তাহে রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে অপহরণ, আটক এবং নির্যাতন। রণজিৎ নিজেই রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্যে এ ঘটনার বিবরণ দেন। ঘটনাটি অন্যদের কাছে শুনেছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী প্রবোধ কুমার সরকার, যা অতিরিক্ত সাক্ষ্য হিসেবে অভিযোগটি সমর্থন করে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আযাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ একাত্তরের ২৬ জুলাই মুক্তিযোদ্ধা আবু ইউসুফ ওরফে পাখিকে নির্যাতনের। ঘটনার শিকার নিজেই রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী হিসেবে ফরিদপুর স্টেডিয়ামে নির্যাতিত হওয়ার বিবরণ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আমির হোসেনের সাক্ষ্যেও এ নির্যাতনের একই রকম বিবরণ মেলে। রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষীও এই অভিযোগ সমর্থন করে সাক্ষ্য দেন। এই তিন সাক্ষীই রাজেন্দ্র কলেজে পড়তেন এবং আযাদকে চিনতেন।সাহিদুর রহমান বলেন, তৃতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৪ মে আযাদ কলারনের জমিদার শুধাংশু মোহন রায়কে গুলি করে হত্যা করেন। শুধাংশুর ছেলে মণিময় রায়ের পায়ে গুলি করেন আযাদের এক সঙ্গী। ঘটনাটি দেখেছেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী নেপাল চন্দ্র পাঠক ও তৃতীয় সাক্ষী মোজাহের সিকদার। রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী অসিত বরণ সাহাকে জেরায়ও এ তথ্য পাওয়া গেছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আযাদের বিরুদ্ধে চতুর্থ অভিযোগে একাত্তরের ১৬ মে মাধব চন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। মাধব চন্দ্রের ছেলে ও প্রত্যক্ষদর্শী ভক্ত রঞ্জন বিশ্বাস রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্যে ঘটনাটি বলেছেন। রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী প্রফুল্ল কুমার মণ্ডল ও দশম সাক্ষী তুষ্ট কুমার মণ্ডলও এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী।চারটি অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।আযাদের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। আসামিপক্ষের কোনো সাক্ষী না থাকায় গতকাল যুক্তি উপস্থাপন শুরু হয়। আসামিপক্ষে এই মামলা পরিচালনা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।নিরাপত্তা জোরদার: গতকাল পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।জানতে চাইলে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এটি ট্রাইব্যুনালের স্বাভাবিক নিরাপত্তার অংশ।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, সাধারণত যেসব দিনে বিরোধী দলের বিক্ষোভ সমাবেশ বা অন্য কর্মসূচি থাকে সেসব দিনে ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ছিল।