চারটি ইউনিয়নে নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলো হলো বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদীঘি। এসব ইউনিয়নে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিলুপ্ত ছিটমহলের এলাকা বিভাজন এবং ছিটমহলবাসীর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় এসব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার চিঠি গত মঙ্গলবার পেয়েছি।’ এসব ইউনিয়ন বিলুপ্ত ছিটমহলের থাকায় এ আদেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তফশিল অনুযায়ী দ্বিতীয় দফায় ৩১ মার্চ বোদা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় বাকি ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।