জয়পুরহাটের কালাই পৌরসভার চারটি ওয়ার্ডের ভোট ১৯ জুন আবার গণনার নির্দেশ দিয়েছেন আদালত। জাল ভোট, কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে করা মামলার রায়ে গত রোববার আদালত এ আদেশ দেন।
জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম জেলা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক ওই আদেশ দেন। মামলায় বাদীপক্ষ তাঁদের অভিযোগ আদালতে প্রমাণ করতে পারায় আদালত আবার ভোটের ব্যালট গণনার আদেশ দেন। বাদী, বিবাদী ও উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালতে ভোট গণনা করা হবে।
গত বছরের ৩০ ডিসেম্বর ওই নির্বাচন হয়। আবার ভোট গণনার দাবিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের দাদে এলাহি এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের অকিনা বেগম ও ৩ নম্বর ওয়ার্ডের জান্নাতি বেগম পৃথক মামলা করেন। মামলাগুলোর বাদীপক্ষের আইনজীবী সওদাগর মিজানুর রহমান বলেন, আদালতের বিচারক বাদী ও বিবাদীপক্ষের আরজি এবং জবাব পর্যালোচনা করে আদেশ দিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মামুনুর রশিদ জিয়ার আইনজীবী আবদুস সালাম তরফদার বলেন, এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।