চারটি কমিটির তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পা ধরে এক কলেজশিক্ষকের ক্ষমা চাওয়ার ঘটনা তদন্তে চারটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি ভান্ডারিয়ায় গিয়ে কাজ শুরু করেছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিন, মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন। ২৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়।
এর আগে ১৪ এপ্রিল বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক শাহ মো. আলমগীরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনার তদন্তে ভান্ডারিয়ায় যায়। গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) শামসুল হুদার নেতৃত্বে গঠিত কমিটি ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান তালুকদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও সেখানে গিয়েছিল।
৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলার সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম। এ সময় তিনি একটি কক্ষের এক বেঞ্চে দুজন পরীক্ষার্থীকে পাশাপাশি বসে পরীক্ষা দিতে দেখে কক্ষ পরিদর্শক কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে তাঁদের সরিয়ে দিতে বলেন। এ সময় মোনতাজ উদ্দিন আশ্রাফুল ইসলামের তাৎক্ষণিকভাবে কথা না শোনায় তাঁরা দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গেলে মোনতাজ উদ্দিনকে ভুল স্বীকার করে আশ্রাফুল ইসলামের কাছে ক্ষমা চাইতে বলা হয়। পরে তিনি আশ্রাফুলের পা ধরে ক্ষমা চান। এ ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যাহার এবং তাঁদের বিচারের দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করলে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করে।