গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরে গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় চারটি কারখানা সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই টন পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরে প্রায় ৮০টির মতো বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ইটিপিবিহীন ১৯টি ডাইং এবং ১০টি ওয়াশিং কারখানা রয়েছে। অভিযানে ইটিপিবিহীন দূষণকারী কারখানাগুলোর মধ্যে ইউনিক ওয়াশিং লিমিটেড, লন্ডি গেইড, এম অ্যান্ড এম ওয়াশিং অ্যান্ড ডাইং, কালার মার্ক লিমিটেড নামের চারটি কারখানা বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে।
একই দিনে টঙ্গী বাজার এলাকায় আলী শপিং মার্কেটে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি গুদাম থেকে দুই টন পলিথিন উদ্ধার করা হয়। পরে গুদাম দুটি সিলগালা করা হয়। একটি পলিথিন শপিং ব্যাগ তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার মালিকপক্ষ পালিয়ে যায়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। কারখানাগুলো সিলগালা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা ও পরিদর্শক সাইফুল ইসলাম। মো. আলমগীর জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।