চারটি কারখানাকে ৪১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইং কারখানার বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে নারায়ণগঞ্জ নগরীর গোদনাইলে অবস্থিত নিটওয়্যার কারখানা নিট কনসার্নকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর গাজীপুর ও ঢাকার আরও তিনটি প্রতিষ্ঠানকে আরও ২৭ লাখ টাকা জরিমানা করেছে।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এমন মিজানুর রহমান আজ বুধবার দুটি ডাইং ও দুটি ওয়াশিং কারখানার মালিক ও প্রতিনিধির উপস্থিতিতে এই জরিমানা ধার্য করেছেন বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের জয়দেবপুরের কড্ডা এলাকায় অবস্থিত কেমিও ইউএসএ নিটওয়্যার লিমিটেডকে ২২ লাখ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিট কনসার্ন লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনা করার অপরাধে মিরপুর-২ রূপনগর শিল্প এলাকা রেগুলার ওয়াশিং প্ল্যান্টকে ৪ লাখ টাকা এবং গাজীপুরের টঙ্গী শিলমুন ক্যানকুন ওয়াশিং প্ল্যান্টকে এক লাখ টাকাসহ মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দূষণ বিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে এই জরিমানা করা হয়।

উল্লেখ্য, নিট কনসার্ন লিমিটেডের ডাইং কারখানার পাশেই ঢাকা ওয়াসার গোদনাইল পানি পরিশোধনাগার। ওয়াসার এই পানি পরিশোধনাগার শীতলক্ষ্যা নদী থেকে পানি উত্তোলনের পর তা পরিশোধন করে নগরীতে সরবরাহ করে।