চারটি খাদ্যগুদাম পড়ে আছে ১৭ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জাকিরাবাদ এলাকায় সরকারি চারটি খাদ্যগুদাম ১৭ বছর ধরে অযত্ন ও অবহেলায় খালি পড়ে আছে। ব্যবসায়ীরা পণ্য রাখার জন্য গুদাম চারটি ইজারা চেয়ে আবেদন করলেও কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না।ব্যবসায়ী আবদুল গফুর জানান, প্রতিবছর উপজেলায় প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদিত হয়। কৃষকেরা গুদামজাত করতে না পারায় বাজারে কম দামে এসব পণ্য বিক্রি করে দিতে বাধ্য হন। ব্যবসায়ীরাও প্রায়ই পণ্য কিনে বিপাকে পড়েন। তাই পচনের কবল থেকে কাঁচামাল রক্ষা করার লক্ষ্যে তিনি গুদাম চারটি ইজারা নেওয়ার আবেদন করেছেন।উপজেলা খাদ্য পরিদর্শক হারুনুর রশিদ জানান, খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯৭৪ সালে রাঙ্গুনিয়ায় ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন দুই হাজার ৪০০ বর্গফুট আয়তনের ছয়টি পাকা গুদাম নির্মাণ করে। উপজেলা থেকে সংগ্রহ করা খাদ্যশস্য এগুলোতে সংরক্ষণ করা হয়। পরে চাহিদা বেড়ে যাওয়ায় ১৯৯১ সালে সেখানে ৪৮০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন দুই হাজার ১০০ বর্গফুট আয়তনের আরও দুটি গুদাম ঢেউটিন দিয়ে নির্মাণ করা হয়। গুদামগুলোর নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর তৈরি করা হলেও আগের দুটি পাকা এবং পরের দুটি নতুন গুদাম এর বাইরে থেকে যায়। এ অবস্থাতেই সব গুদামে খাদ্য মজুদ করা হতো। কিন্তু ১৯৯৩ সাল থেকে নিরাপত্তার অভাবে সীমানাপ্রাচীরের বাইরের চারটি গুদামে খাদ্য মজুদ বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত এ চারটি গুদাম অব্যবহূত অবস্থায় পড়ে আছে।সরেজমিনে দেখা গেছে, সীমানাপ্রাচীরের ভেতর থাকা চারটি পাকা গুদামে ঠাসাঠাসি করে খাদ্যশস্য মজুদ করা হয়েছে। কিন্তু প্রাচীরের বাইরের চারটি গুদাম ফাঁকা পড়ে আছে। অযত্ন ও অবহেলার কারণে অব্যবহূত পাকা গুদাম দুটির দেয়াল শেওলায় ঢেকে গেছে। অনেক জায়গায় দেয়ালের আস্তর খসে পড়ে ফাটল সৃষ্টি হয়েছে। আর ঢেউটিনের তৈরি গুদাম দুটির টিন মরিচা পড়ে লাল হয়ে গেছে। চারপাশের বেড়া থেকে টিন কেটে নিয়ে গেছে বখাটে ও মদ্যপায়ীরা।রাঙ্গুনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় গুদাম চারটিতে খাদ্যশস্য রাখা হয় না। এগুলো সংস্কারের জন্য ১০ বছর ধরে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বরাবরে প্রতিবেদন পাঠানো হচ্ছে। এ ছাড়া গুদাম চারটি ইজারা চেয়ে স্থানীয় ১৭-১৮ জন ব্যবসায়ীর আবেদনের কাগজপত্রও পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।