চারটি খুঁটির জন্য একটি গ্রাম অন্ধকারে
আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকায় এসব গ্রামের বাসিন্দারা টিভি দেখতে পারছে, বিদ্যুচ্চালিত পাম্প দিয়ে খেতে দিচ্ছে সেচ। কিন্তু চারটি খুঁটি দিয়ে লাইন টানতে না পারায় কাছের একটি গ্রাম এখনো রয়েছে অন্ধকারে।
অবহেলিত এই গ্রামের নাম পশ্চিম অনন্তপুর মণ্ডলপাড়া। এটি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। বিদ্যুতের অভাবে থমকে গেছে গ্রামটির উন্নয়ন।
উপজেলা কৃষি ও পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার সদর থেকে এক কিলোমিটার দূরে পশ্চিম অনন্তপুর মণ্ডলপাড়া গ্রাম। গ্রামটিতে প্রায় এক হাজার লোকের বাস। এখানে ৪০০ একর চাষযোগ্য জমি আছে।
গ্রামবাসী জানান, তাঁরা বিদ্যুতের জন্য ২০ বছর ধরে স্থানীয় সাংসদসহ অনেকের কাছে ধরনাও দিয়েছেন। কিন্তু ফল পাচ্ছেন না। পাশে কাজীপুর গ্রাম থেকে চারটি খুঁটি দিয়ে ৬০০ ফুট লাইন টানলেই তাঁদের গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
গ্রামের কৃষক মনছার আলী বলেন, ‘চারটি খুঁটি হলে কাজীপাড়া মনিরের বাড়ির সামনের বিদ্যুতের খুঁটি থাকি হামার পশ্চিম অনন্তপুর মণ্ডলপাড়া গ্রামোত বিদ্যুৎ আনা যায়। তাকে কায়ও করেছে না (কিন্তু কেউ এ কাজটি করছে না)।’
গ্রামের কৃষক মজিবার রহমান বলেন, ‘বাবা, হামরা আগের এমপির গোরত (সাংসদদের) কারেন্টের জন্যে আবদার করতে করতে হয়রান হছি। বর্তমান এমপির কাছোত গেছি, উপজেলা চেয়ারম্যানকেও অনুরোধ করছি, তাও কারেন্ট পাইছি না।’
ওই গ্রামের গৃহবধূ রজনী খাতুন বলেন, ‘পাশের কাজীপাড়া, শেরপুর, দর্জিপাড়া গ্রামোত আলো জ্বলে, হামার গ্রামোত জ্বলে না। কারেন্ট না থাকায় হামরা দেশের খবরাখবর শুনবার পারি না। ছাওয়া ছোটোর নেকাপড়া করতেও সমস্যা হয়।’
গ্রামের দিনমজুর হবিবার রহমান বলেন, ‘কাজীপাড়া গ্রামোত আগত আবাদ হয় নাই, হামরা আগত ওই গ্রামের ডাঙ্গাত (জমিতে) গরু-ছাগল বানদিছোনো। এলা বিদ্যুৎ হওয়ায় ওটে ধান, আলু, তামাক হয়ছে।’
কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘গ্রামটির মানুষের দাবি পূরণের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার গেছি। কিন্তু ফল হয়নি।’
রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, তারাগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে পশ্চিম অনন্তপুর মণ্ডলপাড়া গ্রাম ছাড়াও আরও পাঁচ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।