চারটি গ্রাম ১৫ দিন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চারটি গ্রামের মানুষ ১৫ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও পিডিবির উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ বলছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ লাইনটি কেটে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, তাদের আওতাভুক্ত এলাকায় পিডিবি সেচ গ্রাহক দেওয়ায় তারা লাইনটি বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎ না থাকায় ওই সব গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
গ্রাম চারটি হলো সোনারায় ইউনিয়নের খন্দকারপাড়া, বসুনিয়াপাড়া, খানাবাড়ি ও হাজিপাড়া।
গতকাল মঙ্গলবার এই প্রতিবেদকের কথা হয় খন্দকারপাড়ার রাশেদুল ইসলামের সঙ্গে৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন৷ আর বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। এদের এত ক্ষমতা৷’
একই গ্রামের আহসানুল হক খন্দকার (৪৫) বলেন, ‘১৯৮৮ সালে পিডিবি এই গ্রামে বিদ্যুৎ দেয়। আমার জমিতে চার বছর আগে একটি গভীর নলকূপ স্থাপন করে বরেন্দ্র সেচ প্রকল্প। গত ১৯ মে আমাদের ১১ কেভি সরবরাহ লাইনের সোনারায় ধনীপাড়া মোড়ে পিডিবি লাইনটি কেটে দেয়। এর আগে আমাদের এলাকায় ভোল্টেজ কম থাকায় পিডিবির সঙ্গে যোগাযোগ করি। তারা ৬০ হাজার টাকা নিয়ে তিন মাস আগে এখানে একটি ট্রান্সফরমার বসিয়ে দেয়। এখন তারা বলছে, লাইনটি অবৈধ। ২৬ বছর পর আমরা কেন অবৈধ হলাম—এর কারণ তারা জানাতে পারেনি।’
গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ‘১৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছে চারটি গ্রামের সহস্রাধিক মানুষ। এ এলাকায় রয়েছে একটি মসজিদ ও একটি মাদ্রাসা। এখন বিদ্যুৎ না থাকায় মুসল্লিরা ওজুর পানি নিতে পারছে না। মাইকে আজান শোনা যাচ্ছে না। গরমে নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে৷’
পিডিবির ডোমারের আবাসিক প্রকৌশলী আবদুল মতিন গতকাল বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। গতকাল (সোমবার) শুনেছি, ওটা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের লাইন৷ তারা-ই সেটা কেটেছে। কিন্তু ওই লাইনে তো আমাদের আবাসিক গ্রাহক আছে। আমি তাদের সাথে যোগাযোগ করছি।’ মতিন জানান, গত ১৯ মে তিনি বরেন্দ্র সেচ প্রকল্পের একখানা চিঠি পেয়েছেন। তারা ওই চিঠিতে বলেছে, তার ও ট্রান্সফরমার চুরি রোধ করতে লাইন কাটা হয়েছে৷ কিন্তু বিদ্যুৎ না থাকলে তার ও ট্রান্সফরমার চুরি যাওয়ার আশঙ্কা থাকে বেশি।
এ ব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডোমারের সহকারী প্রকৌশলী সহীদুল ইসলাম বলেন, ‘সেখানে আমাদের গভীর নলকূপ আছে। আমাদের আওতাভুক্ত এলাকায় পিডিবি অগভীর নলকূপের সংযোগ দেওয়ায় আমাদের প্রকল্পের ক্ষতির কথা চিন্তা করে আমরা সংযোগটি বন্ধ করেছি। চিঠিতে যে কারণ উল্লেখ করা হয়েছিল, সেটি সঠিক নয় বলে স্বীকার করেন তিনি।’
তবে বরেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের সত্যতা অস্বীকার করেন আবাসিক প্রকৌশলী। নীলফামারী পিডিবির নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ বলেন, যে কারণেই হোক গ্রাহককে কষ্ট দেওয়ার কোনো অধিকার কারও নেই।