চারটি গ্রামের দুই হাজার লোকের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার লোক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শপথ নিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা শেষে তাঁরা এ শপথ নেন।
ওই গ্রামগুলো হলো শিশুয়া বাঘমারা, নগদা, সোনাকান্দ ও হেলেঞ্চাবাড়ি। এসব গ্রামের লোকজনকে শপথবাক্য পড়ান তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশিদ।
সোনাকান্দ গ্রামের ইউপি সদস্য আবদুল কদ্দুস বলেন, ‘এলাকায় বাল্যবিবাহ ও মাদক বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধের অঙ্গীকার করেছি।’
গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই চার গ্রামের লোকজন নিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা হয়। সোনাকান্দ গ্রামের আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশিদ। আরও বক্তব্য দেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিন, সাতপোয়ার আবু তাহের ও ডোয়াইলের নাসির উদ্দিন, সরিষাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান প্রমুখ।