চারটি ঘাটের তিনটিই বন্ধ, ফেরি বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কবলে পড়ায় দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সড়কের পাশের খাবারের হোটেল সরিয়ে নেওয়া হচ্ছে। ওই সড়কের ৪০ ফুটের বেশি অংশ গতকাল বিকেলে পদ্মায় বিলীন হয়ে গেলে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকেল পাঁচটার দিকে তোলা ছবি l প্রথম আলো
ভাঙনের কবলে পড়ায় দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সড়কের পাশের খাবারের হোটেল সরিয়ে নেওয়া হচ্ছে। ওই সড়কের ৪০ ফুটের বেশি অংশ গতকাল বিকেলে পদ্মায় বিলীন হয়ে গেলে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকেল পাঁচটার দিকে তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধের উপক্রম হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন সড়ক পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়ায় চারটি ঘাটের তিনটি বন্ধ হয়ে গেছে। এতে দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে ব্যাপক যানজট। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা থেকে সবগুলো বড় ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ছয়টি ছোট ফেরি চলছে।
ভাঙনে পড়ে সর্বশেষ গতকাল শনিবার বিকেলে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সড়কের প্রায় ৪০ ফুট অংশ নদীতে বিলীন হলে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে বর্তমানে দৌলতদিয়ার চারটি ঘাটের তিনটিই বন্ধ হয়ে গেল। একমাত্র চালু রয়েছে ৩ নম্বর ঘাট। এই ঘাটেরও একটি মাত্র র্যা ম দিয়ে কোনো রকমে ফেরিতে গাড়ি ওঠানামা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ১ নম্বর ফেরিঘাট সড়কের ওই অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে এই ঘাটের র্যা ম দুটি সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসতে থাকে। দুর্ঘটনা এড়াতে আগে থেকে ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯-এর সহায়তায় পন্টুন ধরে রাখা হয়। পরে বন্ধ করে দেওয়া হয় ঘাটটি।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বস্তাভর্তি ভাঙা ইট, বাঁশ এনে র্যা মের সামনে ও পাশে ফেলে ঘাটটি চালুর চেষ্টা করছে। বিকেল পাঁচটার দিকে ফের ঘাটের বিশাল জায়গাজুড়ে ফাটল দেখা দেয়। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। কর্তৃপক্ষ উদ্ধারকারী জাহাজটি দিয়ে পন্টুন ও রেকার দিয়ে র্যা ম দুটিকে টেনে রাখে। এ ছাড়া ঘাটসংলগ্ন দোকানপাট ভেঙে সরিয়ে ফেলা হয়।
ঘাটসংলগ্ন একটি খাবার হোটেলের মালিক মনি ফকির। হোটেলটি ভেঙে সরানোর কাজে তাঁর সঙ্গে কয়েকজন শ্রমিক, হোটেল কর্মচারী ও নিজ পরিবারের সদস্যদের ব্যস্ত থাকতে দেখা গেল। এক ফাঁকে মনি ফকির বলেন, ‘ভাঙনে ঘাটই রেহাই পাচ্ছে না, সেখানে দোকান রেহাই পায় ক্যামনে।’
বিআইডব্লিউটিসির শফিকুল ইসলাম জানান, গতকাল বিকেল থেকে ১ নম্বর ঘাট বন্ধ রাখা হয়েছে। ব্যাপক ভাঙনে ২ নম্বর ইউটিলিটি ঘাটের র্যা মের দুই পাশ ও সড়ক ভেঙে যাওয়ায় সেখানেও ফেরি ভিড়তে পারছে না। গতকাল সারা দিন ঘাটটিতে একটি ফেরি ভেড়ে। ৩ নম্বর ঘাটের শুধু একটি র্যা ম দিয়ে একমুখীভাবে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। ভাঙনে সেটিও বন্ধের আশঙ্কা রয়েছে। এর আগে ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে।
ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি। দর্শনা থেকে আসা ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের চালক জুলফিকার আলী বলেন, ‘দুপুর ১২টার দিকে যাত্রী নিয়ে ঘাটে পৌঁছাই। বিকেল সোয়া পাঁচটা বাজলেও ফেরিতে উঠতে পারিনি। কয়েকজন নারী ও শিশুযাত্রী অসুস্থ হয়ে পড়েছে।’
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামদ্দিন পাঠান বলেন, ১ নম্বর ঘাটের ৪০ ফুট সড়ক বিলীন হয়ে গেছে। দ্রুত ঘাটটি চালু করার চেষ্টার মুহূর্তে আরও ৪০ ফুট জায়গায় ফাটল দেখা দিয়েছে।