চারটি চরে জোয়ারের পানি, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চারটি চরের ফসলের খেতে জোয়ারের পানি উঠেছে। এতে মরিচসহ মৌসুমি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত রোববার দিবাগত রাত থেকে মেঘনায় এই জোয়ার শুরু হয়।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চরঘাসিয়া, চরকাছিয়া, চরজালিয়া ও চরকানিবগায় সয়াবিন ও মরিচের চাষ করা হয়। এই মৌসুমে সাধারণত মেঘনার জোয়ারের পানি এসব চরে ওঠে না। কিন্তু এবার এর ব্যতিক্রম পরিস্থিতি দেখা যাচ্ছে। চরঘাসিয়ার কৃষক মহবত আলী ও বেল্লাল হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা অন্তত ২০ বছর ধরে মেঘনার চরে সয়াবিন ও মরিচের চাষ করে আসছেন। এবারের মতো এমন অস্বাভাবিক জোয়ার আর কখনো দেখেননি। জোয়ারের পানিতে ফসল নষ্ট হয়ে গেলে পথে বসতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র সরকার বলেন, ‘হঠাৎ মেঘনার জোয়ার দেখা দিয়েছে বলে শুনেছি। ওই সব এলাকা পরিদর্শন করব।’