চারটি ছাত্রাবাসে ফাটল, ঝুঁকি নিয়ে থাকছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ৫ ফেব্রুয়ারি রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল ছাত্রাবাসের সামনের প্রায় ৪০টি পিলার ও বিভিন্ন দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। পরদিন তৎকালীন বিশ্ববিদ্যালয় ও ছাত্রাবাস কর্তৃপক্ষ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত ফাটল মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।

বর্তমানে পিলারের মাঝখানে সৃষ্ট ফাটলের ফলে বেশ কয়েকটি পিলার দুই ইঞ্চি পর্যন্ত মূল স্থান থেকে সরে গেছে। পলেস্তারা, চুন-সুরকি খসে পড়ার ঘটনা ঘটছেই। তবে দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী।

ছাত্রাবাসের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ বখতেয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অবশ্যই উদ্বেগের। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব।’

শুধু আলাওল ছাত্রাবাস নয়, একই আদলে নির্মিত স্যার এফ রহমান ও শাহজালাল ছাত্রাবাসের শিক্ষার্থীরাও আছেন শঙ্কায়। 

অন্যদিকে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের দেয়ালেও দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এ হলের ১৩৬ নম্বর কক্ষে থাকেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবুল খায়ের। তাঁর কক্ষের দেয়ালেও বড় ধরনের ফাটল রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারাক্ষণ আতঙ্কে থাকি কখন ভেঙে পড়ে কক্ষের দেয়াল। এই ভয়ে প্রায় সময়ই রাতে নিজ কক্ষে অবস্থান না করে বন্ধুদের কক্ষে থাকি।’ সোহরাওয়ার্দী ছাত্রাবাসের প্রাধ্যক্ষ আনোয়ার সাঈদ বলেন, ‘ফাটলগুলোতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ থাকার অনুপযুক্ত। আমরা দ্রুত এসব কক্ষ পরিত্যক্ত ঘোষণা করব।’ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি ছাত্রাবাসের মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে। দ্রুত অন্য সব ছাত্রাবাসের মেরামত কাজেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সতর্ক থাকলে সব রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক অলক পাল বলেন, পাহাড়ি এলাকায় হওয়ায় বড় ধরনের ফাটল থাকা সত্ত্বেও এখন পর্যন্ত অক্ষত রয়েছে এসব ভবন। তাই সম্ভাব্য যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য শক্তিশালী একটি প্রকৌশল দলকে দিয়ে ভবনসমূহ পরীক্ষা করা প্রয়োজন। প্রসঙ্গত, এ চারটি ছাত্রাবাসে প্রায় দুই হাজার শিক্ষার্থী অবস্থান করেন।