চারটি ট্রাইব্যুনালে বিচারক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে ৩টি। এর মধ্যে ২টিতেই বিচারক নেই। একটিতে এক বছর, আরেকটি ট্রাইব্যুনালে ছয় মাস ধরে বিচারক নেই। একই অবস্থা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালেও। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম বিভাগের একমাত্র এই ট্রাইব্যুনালটিতেও ছয় মাস ধরে বিচারক নেই। এ ছাড়া চার মাস ধরে বিচারকশূন্য অবস্থায় রয়েছে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল।

বিচারক না থাকা এই ৪টি ট্রাইব্যুনালে সাড়ে ৯ হাজারের বেশি মামলা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিচারক না থাকায় দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা। একই সঙ্গে বাড়ছে মামলার জটও।

চট্টগ্রাম জেলার পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর, মিরসরাই, সন্দ্বীপ ও জোরারগঞ্জ থানা এবং নগরের পাহাড়তলী, আকবরশাহ, খুলশী ও বাকলিয়া থানার বাসিন্দারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলা করতে পারেন। এই ট্রাইব্যুনালে প্রায় সাড়ে ৩ হাজার মামলা রয়েছে। ২০১৬ সালের ১৩ জুলাই থেকে এই ট্রাইব্যুনালে বিচারক নেই।

পটিয়ার জান্নাতুল ফেরদৌস নামের এক নারী তাঁর স্বামীর বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। তদন্ত করে পুলিশ প্রতিবেদনও দেয়। কিন্তু আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য গত একবছরে শুধু তারিখই পড়ছে। ৭টি ধার্য দিন পার হলেও বিচারক না থাকায় শুনানি হয়নি। মামলার বাদী প্রথম আলোকে বলেন, ‘না স্বামীর ঘরে ফিরতে পারছি, না বিচার পাচ্ছি।’

এই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক বছর ধরে বিচারক না থাকায় ধার্য দিনে বিভিন্ন মামলার সাক্ষী ও বাদীকে ফেরত যেতে হচ্ছে।

 একই অবস্থা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারপ্রার্থীদের। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখানে বিচারক নেই। চট্টগ্রাম নগরের ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা, বায়েজিদ বোস্তামী থানা এবং জেলার সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া ও লোহাগাড়া থানার বাসিন্দারা ট্রাইব্যুনাল-২-এ-মামলা করতে পারেন। সরকারি কৌঁসুলি এম এ নাছের প্রথম আলোকে বলেন, এখানে প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনাল-২-এ ধর্ষণের মামলা করা এক নারী বলেন, এখন সাক্ষ্যগ্রহণ চলছে। কিন্তু বিচারক না থাকায় সাক্ষীরা ফেরত যাচ্ছেন। শুধু ট্রাইব্যুনাল-১-এ বিচারক রয়েছেন। এর বিচারক রোখসানা পারভীন ট্রাইব্যুনাল-৩ ও ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিজের ট্রাইব্যুনালেই রয়েছে প্রায় ২ হাজার মামলা। ট্রাইব্যুনাল-১-এ মামলা করতে পারেন চট্টগ্রাম নগরের চকবাজার, কোতোয়ালি, চান্দগাঁও, পাঁচলাইশ ও কর্ণফুলী থানা এবং জেলার বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী থানার বাসিন্দারা।

পুরো চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জন্য বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১টি। এই ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। এ কারণে গত ২ ফেব্রুয়ারি থেকে ট্রাইব্যুনাল বিচারকশূন্য। এই ট্রাইব্যুনালে বিএনপির নেতা জামাল উদ্দিন চৌধুরী হত্যা মামলাসহ চাঞ্চল্যকর ৩০টি খুনের মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের বিরুদ্ধে ১৫টিসহ মোট ৭৭টি মামলা রয়েছে।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আলোচিত মা-ছেলে হত্যা মামলার। ২০১৫ সালের ২১ জুন মা ফাতেমা বেগম ও তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্র ফুয়াদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। চাঁদপুর আদালত থেকে গত ২২ মার্চ মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি। মামলার বাদী নিহত ফাতেমার ভাই মনির হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে ১৯টি ধার্য দিন পার হলেও বিচারক না থাকায় শুনানি হয়নি। মামলার প্রতিটি ধার্য দিনে চাঁদপুর থেকে চট্টগ্রামে আসতে হয় তাঁকে।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা ও দায়রা জজের সম্মতি নিয়ে মামলাগুলোর তারিখ ফেলা হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতে মামলার চাপ বেশি থাকায় বিচারকের পক্ষে বাস্তব কারণেই ট্রাইব্যুনালে এসে শুনানি করা সম্ভব হচ্ছে না। নতুন বিচারক নিয়োগ দেওয়ার বিষয়টি আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বিশেষ করে জঙ্গিদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য শিগগিরই বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের চাকরি পুনরুদ্ধার, বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন অধিকার আদায় করা নিয়ে বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। গত ৯ মার্চ থেকে এখানে বিচারক নেই। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি কানু রাম শর্মা প্রথম আলোকে বলেন, ১৫০টি মামলা বিচারাধীন। বিচারক না থাকায় মামলাগুলো নিষ্পত্তিতে দেরি হচ্ছে। ৪টি ট্রাইব্যুনালে দীর্ঘ সময় ধরে বিচারক না থাকার বিষয়টি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হার নজরে আনা হয়েছে বলে প্রথম আলোকে জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়। তিনি বলেন, ১২ জুলাই ঢাকায় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন তিনি। তখন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও তাঁর সঙ্গে ছিলেন। বিচারকের সংকট লাঘবে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন তাঁরা।