চারটি দলের প্রার্থী চূড়ান্ত, দুজন স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে চারটি রাজনৈতিক দল স্থানীয়ভাবে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। গতকাল সোমবার তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। দলগুলোর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র আবু হানিফ, বিএনপি থেকে জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, জাতীয় পার্টি (জাপা) থেকে পৌর কমিটির সভাপতি আয়নাল শিকদার ও কৃষক শ্রমিক জনতা লীগ থেকে উপজেলা কমিটির সভাপতি মীর জুলফিকারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাঁরা হলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন এবং সখীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের চাচাতো ভাই জাহাঙ্গীর তালুকদার।
বিএনপির সানোয়ার হোসেন বলেন, ‘আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র প্রার্থী। পাঁচ বছর ধরে মাঠে কাজ করছি। দলীয় মনোনয়ন পেলে আমার ভোট কমে যেত। এখন আমার ভোট বাড়বে।’ উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম বলেন, দল থেকে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন একযোগে সবাইকে কাজ করতে হবে।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর তালুকদার বলেন, ‘নেতারা আমার নাম কেন্দ্রে পাঠাননি। কিন্তু গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মাঠে আমার ভোট বেশি। কিন্তু শেষমেশ নেত্রী (শেখ হাসিনা) আমাকেই মনোনয়ন দেবেন। তবে দলীয় মনোনয়ন না পেলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, মনোনীত প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।