চারটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে খাবার তৈরি, পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার তিনটি খাবারের দোকানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নগরের অলংকার মোড়ের জনতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহায়তা দেয় নগর পুলিশ।
অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে নোংরা পরিবেশে ময়লাযুক্ত ডালডা দিয়ে বেকারি পণ্য তৈরির অপরাধে পাহাড়তলীর তৃপ্তি বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নষ্ট দই বিক্রি এবং মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় একই এলাকার আল আরাফাত ফুড প্রোডাক্টসকে ১২ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের জন্য আয়শা রেস্টুরেন্ট ও বিরানী হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।