চারটি ধারা থাকলেও মাঠে কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা বিএনপি বর্তমানে কার্যত চারটি ধারায় বিভক্ত। চার নেতা এসব ধারার নেতৃত্বে থাকলেও মাঠপর্যায়ে তাঁদের পাওয়া যায় না। ফলে ফরিদপুরে বিএনপির কোনো কার্যক্রম নেই বলে জানিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা।দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির চারটি অংশের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় সহশিল্প সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক, সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন।এ চার নেতা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, তাঁরা কেউ মাঠপর্যায়ে কাজ করেন না। ফলে দলীয় কোনো কার্যক্রম নেই। কামাল ইবনে ইউসুফকে আন্দোলন-সংগ্রামে পাওয়া যায় না। জহিরুল হকের রাজনীতির মূল পুঁজি ছবি তোলা তথা ফটোসেশন। শ্যামা ওবায়েদ তাঁর নিজ সংসদীয় আসন নগরকান্দায় শক্তিশালী ভিত গড়ার চেষ্টার পাশাপাশি জেলা কমিটিতে একটি আলাদা ধারা সৃষ্টি করতে চাইছেন। আর জুলফিকার হোসেন সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিলেও তাঁর উদ্ধত ও অসহিষ্ণু আচরণ দলের সঠিকভাবে বিকশিত হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালে দলের মধ্যে চারটি ধারা দেখা গেলেও জেলা বিএনপি বরাবরই কামাল ইউসুফ ও জহিরুল হক—এ দুই ধারায় বিভক্ত। ২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হামলায় পণ্ড হয়ে যায়। পরে ঢাকা থেকে সভাপতি হিসেবে জহিরুল হক, সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোদাররেস আলী ও সাংগঠনিক সম্পাদক পদে রশিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। তাঁরা তিনজনই জহিরুল হকের পক্ষের। পরে পূর্ণাঙ্গ কমিটিতেও তাঁদের প্রাধান্য দেখা যায়। এতে পিছিয়ে পড়েন কামাল ইউসুফ। এর প্রতিশোধ হিসেবে কোতোয়ালি থানা ও পৌর কমিটিতে জহিরুল হকের পক্ষের কেউ স্থান পাননি।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন বলেন, একাধিক কেন্দ্রীয় নেতা ফরিদপুরে সক্রিয় থাকায় স্থানীয় পর্যায়ে চলমান সংকট নিরসন করা কঠিন। শুধু দেশনেত্রীর হস্তক্ষেপেই এ সমস্যার সমাধান হতে পারে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। কিন্তু এতে মূল দল ও সহযোগী সংগঠনের সাহায্য পাচ্ছেন না।চৌধুরী কামাল ইবনে ইউসুফ অভিযোগ করেন, জেলা বিএনপি আওয়ামী লীগের ‘বি’ টিম। এরা দল করার নামে যা করছে, তার পরিবর্তন হওয়া প্রয়োজন। আন্দোলন-সংগ্রামে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৭২। এরশাদের সময়ে রাজপথে আন্দোলন করেছি। এখনো তো আন্দোলন শুরু হয়নি। হলে দেখা যাবে।’ইউসুফের অভিযোগকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করে জহিরুল হক বলেন, জেলা বিএনপি জিয়ার আদর্শ তুলে ধরে খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বিএনপি কেন্দ্রীয়ভাবে যত কর্মসূচি নিয়েছে, তার সবই ফরিদপুরে ভালোভাবে পালিত হয়েছে দাবি করে তিনি বলেন, অবশ্য কোনো কোনো কর্মসূচিতে লোকসংখ্যা কম হতে পারে। জেলা বিএনপিতে কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কর্মসূচিকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে হবে।শ্যামা ওবায়েদ বলেন, ‘ফরিদপুরের রাজনীতিতে আমার নিজের কোনো ধারা নেই। জেলার রাজনীতিতে আমি তেমন জড়িত নই। আমি চাই, বিএনপি সব ভেদাভেদ ভুলে দলীয় কর্মসূচি নিয়ে এগিয়ে যাক।’