নতুন করে আরও চারটি থানা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এগুলো হলো কুয়াইশ, ফতেয়াবাদ, ভাটিয়ারী ও শিকলবাহা। তবে চার থানার কিছু অংশ চট্টগ্রাম জেলা পুলিশের সীমানার মধ্যে পড়েছে। এ কারণে গত বছরের ডিসেম্বরে জেলা পুলিশের মতামত চেয়েছে সিএমপি। সপ্তাহ খানেকের মধ্যে জেলা পুলিশ এ বিষয়ে তাদের মতামত জানাতে পারে। চট্টগ্রাম মহানগর পুলিশে এখন ১৬টি থানা রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, নগরে জনসংখ্যা বাড়ার সঙ্গে অপরাধও বাড়ছে। তাই অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা বাড়ানোর জন্য কুয়াইশ, ফতেয়াবাদ, ভাটিয়ারী ও শিকলবাহা নামের চারটি নতুন থানা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। থানা দূরে হওয়ায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকার লোকজনের পুলিশি সেবা পেতে দেরি হয়। জেলা পুলিশের মতামত পেলে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে চারটি নতুন থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সর্বশেষ ২০১২ সালে চট্টগ্রাম মহানগর এলাকায় চারটি নতুন থানা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী বর্তমানে নগরে প্রায় ৪০ লাখ লোকের বসতি রয়েছে। এ ছাড়া প্রতিদিন ১০ হাজারের বেশি লোক নগরে আসা-যাওয়া করে। তবে পুলিশের ধারণা, নগরে এখন ৬০ লাখ লোকের বসবাস রয়েছে। আর নগর পুলিশের বর্তমানে ৭ হাজার ৭৯ জন জনবল রয়েছে। সেই হিসাবে প্রতি ৮৫৭ জন লোকের জন্য ১ জন পুলিশ রয়েছে।
গত বছর নগরের ১৬ থানায় হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ নানা অভিযোগে ৪ হাজার ৮৬২টি মামলা হয়। এর আগের বছর ২০১৪ সালে ৫ হাজার ২৬৭টি মামলা হয়।
পুলিশ সূত্র জানায়, নগরের চান্দগাঁও ও হাটহাজারী থানার ৩৫ দশমিক ৭৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হবে কুয়াইশ থানা। হাটহাজারী থানার উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, শিকারপুর, বাথুয়া, কুয়াইশ, বুড়িশ্চর, নেহালপুরের আংশিক এবং চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কিছু অংশ থাকবে এই থানায়। এই থানার আওতায় জনসংখ্যা আছে ৪ লাখ ৭০ জন। থানার আওতায় থাকবে একটি ফাঁড়ি ও দুটি পুলিশ বক্স। হাটহাজারী থানা থেকে ৮ কিলোমিটার এবং চান্দগাঁও থানা থেকে ৬ কিলোমিটার দূরে কুয়াইশ এলাকা।
নতুন আরেকটি হবে ফতেয়াবাদ থানা। নগরের বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারী থানার ৩৪ বর্গকিলোমিটার নিয়ে নতুন এ থানা স্থাপন করা হবে। এখানে হাটহাজারী থানার আওতাভুক্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ, চৌধুরীহাট, আমানবাজার এবং ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কিছু অংশ এবং হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের মাইজপট্টি, ভবানীপুর, নেহালপুর, ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রাম অন্তর্ভুক্ত হবে। এর জনসংখ্যা ১ লাখ ৮২ হাজার ১০০ জন।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ছয় কিলোমিটার দূরে হাটহাজারী থানায় যেতে হয় লোকজনকে। এলাকাটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও জেলা পুলিশের অধীনে রয়েছে। এখানে নগর পুলিশের অধীনে নতুন একটি থানা স্থাপিত হলে লোকজন উপকৃত হবে।
নগরের আকবর শাহ ও জেলার সীতাকুণ্ড থানার ১০ কিলোমিটার নিয়ে গঠিত হবে ভাটিয়ারী থানা। আকবর শাহ থানার ছলিমপুর ইউনিয়নের আংশিক এবং ভাটিয়ারী ও সোনাইছড়ি ইউনিয়নের সম্পূর্ণ অংশ থাকবে এই থানায়। ২ লাখ ৮৭ হাজার ৬২০ জন জনসংখ্যা নিয়ে এই থানার আয়তন হবে ৫৬ দশমিক ৯৪ বর্গকিলোমিটার।
ভাটিয়ারী এলাকার বাসিন্দা গৃহবধূ জাকিয়া সুলতানা জানান, ভাটিয়ারী থেকে ২৫ কিলোমিটার দূরে সীতাকুণ্ড থানায় লোকজনকে যেতে হয়। এখানে ভাটিয়ারী থানা স্থাপন জনগণের দীর্ঘদিনের দাবি। নগর পুলিশের আওতায় হলে পরবর্তী সময়ে সিটি করপোরেশনভুক্ত হলে লোকজনকে বাড়তি গৃহ করসহ অন্যান্য কর দিতে হবে।
নগর পুলিশের প্রস্তাবিত সর্বশেষ থানা হলো শিকলবাহা। নগরের কর্ণফুলী থানা, বোয়ালখালী ও পটিয়া উপজেলার ১৩৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই নতুন থানা গঠিত হবে। এই থানার এলাকা হচ্ছে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের কিছু অংশ, পটিয়ার হাবিলাসদ্বীপ, কুসুমপুর ও কুলগাঁও ইউনিয়নের কিছু অংশ এবং পটিয়ার জিরি ইউনিয়নের কিছু অংশ এবং শিকলবাহা ইউনিয়নের সম্পূর্ণ অংশ। নতুন থানার জনসংখ্যা হবে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নগর পুলিশ নতুন করে যে চারটি থানা গঠনের উদ্যোগ নিয়েছে, তা নিয়ে ওই সব এলাকার লোকজন ও জনপ্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে। কুয়াইশ, ফতেয়াবাদ, শিকলবাহা থানার বিষয়ে স্থানীয় লোকজনের কোনো আপত্তি না থাকলেও ভাটিয়ারী থানা স্থাপনের বিষয়ে স্থানীয় লোকজনের মতপার্থক্য রয়েছে। তাঁরা এখানে নতুন থানা চান, কিন্তু তা জেলা পুলিশের অধীনে হতে হবে।