চারটি নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্ব’ প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচিত দুই প্রধানমন্ত্রী একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেদের দলকে স্বৈরশাসনের শৃঙ্খলে আবদ্ধ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁরা দেশকে নিজেদের খাস তালুক হিসেবে বিবেচনা করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় এ কথা বলেছেন। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ এই বক্তৃতার আয়োজন করে। ‘বাংলাদেশের সমাজ পরিবর্তন ও রাজনীতির ধারা’ শীর্ষক এই বক্তৃতায় মইনুল ইসলাম বলেন, ১৯৯১ সাল থেকে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চালু আছে। কিন্তু সত্যিকার অর্থে জবাবদিহিমূলক সরকার অধরা রয়ে গেছে।বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক এই সভাপতি বলেন, গত ২১ বছরে দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলবাজি ইত্যাকার পুঁজি লুণ্ঠনের ঘটনা ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। যে কারণে গত চারটি নির্বাচনে ক্ষমতাসীন দলকে জনগণ বিপুলভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকারের কর্মকাণ্ডেও তাদের জনপ্রিয়তায় ধস নামার আলামত শুরু হয়েছে।তবে দেশের অর্থনৈতিক গতি-প্রকৃতি অনুযায়ী বর্তমান সরকারের সাফল্যের পাল্লা ভারী বলে জানান অধ্যাপক মইনুল। তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের পর থেকে ১৯৮১ পর্যন্ত আমেরিকা, চীন, সৌদি আরব ও পাকিস্তান নিজেদের পছন্দের সরকার পেয়ে বাংলাদেশে বৈদেশিক ঋণ ও অনুদানের জোয়ার বইয়ে দিয়েছিল। যে কারণে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে পরনির্ভরশীল হয়ে পড়েছিল। ১৯৮১-৮২ সালে জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণ-অনুদানের হার ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। বর্তমানে এর হার ১ শতাংশের নিচে। তাই বলা যায়, বাংলাদেশ এখন আর খয়রাত বা সাহায্যনির্ভর দেশ নয়।দুর্নীতিকে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল বাধা বলে উল্লেখ করেন মইনুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দুর্নীতি, ব্যবসায়িক দুর্নীতি, ঠিকাদারির দুর্নীতি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নখদন্তহীন দুর্নীতি কমিশন। কালোটাকা ও পেশিশক্তি নির্বাচনী মনোনয়ন পাওয়ার অন্যতম নির্ধারক হয়ে গেছে। লুণ্ঠনের কারণে দেশের ৯৯ ভাগ লোকই অর্থনীতির ন্যায্য সুফল পাওয়া থেকে বঞ্চিত।মইনুল ইসলাম বলেন, গত ২১ বছরে প্রতিটি ক্ষমতাসীন দলই বিদায়ের আগে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ এবং নির্বাচন কমিশনকে নিজেদের পছন্দমতো করে সাজিয়ে গিয়েছিল, যাতে নির্বাচনের ফল নিজেদের অনুকূলে রাখা যায়। কিন্তু প্রতিবারই বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার তা ভণ্ডুল করে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ‘নির্দলীয়’ বনাম ‘অন্তর্বর্তীকালীন’ সরকার নিয়ে দুই দলের অবস্থানকে এই আলোকেই বিশ্লেষণ করতে হবে। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি মোনায়েম সরকার।