চারটি পন্টুন নষ্ট হচ্ছে
মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাটে পড়ে থেকে নষ্ট হচ্ছে পরিত্যক্ত চারটি পন্টুন। প্রতিনিয়ত খোয়া যাচ্ছে পন্টুনগুলোর লোহালক্কড়। সরেজমিনে দেখা গেছে, মাদারীপুরের কাজীরটেক ফেরিঘাটের চারটি পন্টুন ও র্যাম পড়ে আছে অবহেলায়। মাটির ওপরে পড়ে থাকা লোহার বিভিন্ন অংশ লোপাট হচ্ছে। কাজীরটেক ফেরিঘাট এলাকার বাসিন্দা আবদুল হাশেম ব্যাপারী জানান, দীর্ঘদিন যাবৎ এসব পন্টুন পড়ে থাকায় তা একদিকে যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে কিছু মালামাল বেহাতও হয়ে গেছে।আবুল কালাম নামের স্থানীয় এক কৃষক অভিযোগ করেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালামাল দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এখানকার ফসলি জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। সওজ অধিদপ্তর মাদারীপুর সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবদুর রেজ্জাক জানান, ফরিদপুর ফেরি ডিভিশনকে চিঠি দিয়ে পুরোনো ফেরি, পন্টুনসহ যাবতীয় মাল সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করা হয়েছে।