চারটি পরীক্ষার কেন্দ্র পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চারটি পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ায় বছরের অধিকাংশ সময় ঠিকমতো শিক্ষার্থীদের ক্লাস হয় না।জানা গেছে, এই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, অবকাঠামোগত সুবিধা থাকায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষাগুলো এখানে নেওয়া হয়। এটি মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) হলেও প্রাথমিক শিক্ষা সমাপনী থেকে শুরু করে এইচএসসি পরীক্ষাও এ বিদ্যালয়েই হয়। ফলে এক হাজার ছয় শর বেশি শিক্ষার্থীর লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। এই ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবারেও ক্লাস নেওয়া হয়। কখনো সকাল সাতটা থেকে নয়টা, কখনো বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস নেওয়া হয়।বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ আশফাক-উর রহমান বলে, ‘পরীক্ষার সময় ক্লাসই হয় না। মাঝেমধ্যে বিকেলে, ভোরে বা বন্ধের দিন নামমাত্র ক্লাস হয়।’ নবম শ্রেণীর নাহিদুল ইসলাম বলে, ‘বাধ্য হয়ে আমাদের প্রাইভেট-নির্ভর হতে হয়। ফলে ঠিকমতো সব শিক্ষকের সান্নিধ্য পাচ্ছি না।’শিক্ষক আবদুস সালাম বলেন, ‘নিয়মিত ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ করা সম্ভব হয় না। এ ছাড়া শিক্ষার্থীরা পড়ায় মন বসাতে পারে না।’অভিভাবক শা ম আনয়ারুজ্জামান বলেন, ‘ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেওয়ায় ছেলেমেয়েরা সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষা নেওয়ার জন্য উপজেলা সদরে আলাদা হলঘর করা দরকার।’লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান বলেন, পৌর এলাকার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এ বিদ্যালয়ে হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা নিতে হবে।লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান বলেন, ‘উপজেলার পাঁচটি কলেজের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার কেন্দ্র আমার কলেজ। কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিজ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অন্যত্র নিতে হবে। এ কারণে এ কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়। তবে স্থানের অভাবে কিছু প্রতিষ্ঠানের জেএসসি ও এসএসসি পরীক্ষাও এ কলেজে অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘এর সমাধান করতে হলে উপজেলা সদরে পরীক্ষা নেওয়ার জন্য আলাদা ভবন করতে হবে। তাহলে স্কুলে বা কলেজে পরীক্ষা হবে না। পুরো বছরই ক্লাস হবে।’