চারটি প্রতীক বর্জন করেছেন নারী কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ফ্রক, চুলা, চুড়ি ও পুতুল প্রতীক বর্জন করেছেন। গত সোমবার প্রতীক বরাদ্দের দিনে নয়জন কাউন্সিলর প্রার্থীর প্রত্যেকেই তাঁদের মনোনয়নপত্রে এসব প্রতীক চাননি।
প্রার্থীরা মৌমাছি, আঙুর, হারমোনিয়াম ও কাঁচি প্রতীক চেয়েছেন। তবে একাধিক প্রার্থী কাঁচি প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে এর সমাধান করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা খাতুন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে চারজন ও ৭, ৮ ও ৯ ওয়ার্ডে তিনজন নারী প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে একজন কাঁচি প্রতীক চান। আর ৪, ৫ ও ৬ নম্বর এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের ওয়ার্ডের সব প্রার্থী কাঁচি প্রতীক চেয়েছিলেন। লটারির মাধ্যমে তখন প্রতীক বরাদ্দ করা হয়েছে।
১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কহিনুর বেগম বলেন, ‘নির্বাচনের প্রতীকের ওপর ভোট করতে হয়। নারী কাউন্সিলর নির্বাচনে শুধু নারীদের ভোটে নির্বাচিত হলে ওই ধরনের প্রতীক নেওয়া যেত। এখানে পুরুষ ও নারীদের ভোট নিয়ে নির্বাচন করতে হয়। তাই আমি ওই সব প্রতীক বর্জন করেছি। আমি আঙুর প্রতীক নিয়ে নির্বাচন করছি।’
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজেকা বেগম বলেন, ওই ধরনের প্রতীকে মনে হয় নারীরা রান্নাঘর ছাড়া কোথাও যেতে পারে না। এ ধরনের প্রতীকে ভোট করতে গেলে পুরুষ ভোটাররা তাঁদের ভোট দেবেন না। তাই তিনি কাঁচি প্রতীক নিয়েছেন।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোমেনা বেগম বলেন, ‘আমি মনোনয়নপত্র নিয়ে ওই প্রতীক দেখে নারীদের ছোট করা হয়েছে এমনটি ভেবেছি। এ দেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার সবাই নারী। ওই সব প্রতীক দিয়ে আমাদের ছোট করা হয়েছে। তাই আমি লটারির মাধ্যমে কাঁচি প্রতীক পেয়েছি।’