কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের কুমারী সেতু এলাকায় অভিযান চালিয়ে চারটি দেশি বন্দুকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে তিনটার দিকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। তাঁরা তখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে এএসপি, এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত ১১টার দিকে ১২-১৫ জন ডাকাত কুমারী সেতু এলাকায় সড়ক ও বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পাশের পাহাড়ে পালিয়ে যায়। পরে রাত দুইটার দিকে এএসপি মতিউল ইসলাম ও চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে কুমারী সেতুসংলগ্ন পাহাড়টি ঘিরে ফেলে। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে এ সময় অন্তত ৫০ রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায়ে পুলিশ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
অভিযানে ডাকাত দলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসপি কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, এসআই মোহাম্মদ আলমগীর, সুকান্ত চৌধুরী, কাউছার আহমদ চৌধুরী, কনস্টেবল মিনহাজ উদ্দিন, মো. ইব্রাহিম ও শাজেদুল ইসলাম। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের বেলাল উদ্দিন (৩৮), মোজাম্মেল হক (২৫), আবদুর রহিম (২৫), আবুল হোসেন (৩০), মহি উদ্দিন (২৫) ও হোসেন আলী (৩০)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ডাকাত দলের কাছ থেকে দেশে তৈরি ৪টি বন্দুক, ৫টি কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২টি ছুরি, ১টি কিরিচ ও ২টি দা উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই সুকান্ত চৌধুরী বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছেন।