চারটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সরকারি এক কর্মকর্তার বাড়িতে এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় দুটি বসতবাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে ডাকাতের গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চৌদ্দগ্রাম (কুমিল্লা): গত শুক্রবার গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে যৌথ বাহিনী পরিচয় দিয়ে ডাকাতেরা সরকারি কর্মকর্তা আবদুর রশিদ মজুমদারের বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাতেরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে গতকাল দুপুরে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর গ্রামের হাইওয়ে পুলিশ ফাঁড়িসংলগ্ন কাশেম মিয়ার বাড়িতে ১৫-২০ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা গাছের গুঁড়ি দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ৩৬ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার এবং দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতেরা পাশের আলমগীর হোসেনের বাড়িতে হানা দিয়ে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মৌলভীবাজার: বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমানের বাড়ির বারান্দার গ্রিল কেটে ১৫-১৬ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। আশপাশের বাড়ির লোকজন ডাকাতির ঘটনা বুঝতে পেরে চিত্কার শুরু করে। একপর্যায়ে ডাকাতেরা ওই বাড়ি থেকে দেড় লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় ধাওয়া করলে ডাকাতেরা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে সাদিকুর রহমানের চাচাতো ভাই সামছুল মিয়া গুরুতর আহত হন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): গ্রামবাসীর সহায়তায় পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে চিহ্নিত ডাকাত ইয়াছিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম জানান, ইয়াছিন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ থানায় কয়েকটি মামলা রয়েছে। তিনি ওই সব মামলার পলাতক আসামি।