চারটি বিষয় নিশ্চিত করতে পারলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এই চারটি বিষয় হলো: রাজনৈতিক সদিচ্ছা, যারা দুর্নীতি করে তাদের শাস্তি প্রদান, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় টিআইবির নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক
কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সনাক পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাঁদের মতামত তুলে ধরেন।
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, সারা পৃথিবীতে দুর্নীতি হয়। এক দেশের দুর্নীতি আরেক দেশে রপ্তানিও হয়। নাইকো দুর্নীতিসহ বিভিন্ন দুর্নীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে যেসব বড় দুর্নীতি হয়েছে, তাতে বিদেশি উপাদান রয়েছে।
মতবিনিময় সভায় রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লা, দেব্রবত দাশ, রাশেদ মনোয়ার, পুলক দাশ, স ম ইউনুচ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হারুনুর রশিদ সিদ্দিকী, মাওলানা আবুল কাসেম নুরী, পংকজ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।