চারটি বিষয়ে শিক্ষক নেই ঝুঁকিতে বিজ্ঞানের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকের ৩৪টি পদের অর্ধেক শূন্য থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী। রসায়ন, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও ইসলামের ইতিহাস বিষয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক নেই। ফলে ২০১৪ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীদের ফলাফল ভালো হবে না বলে তারা আশঙ্কা করছে।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির আহমেদ বলেন, ‘বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘদিন থেকে শিক্ষক না থাকায় আমরা নির্বাচনী পরীক্ষায় খারাপ করেছি। এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তায় আছি।’ তিনি আরও জানান, ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১২ জন শিক্ষার্থী এ কলেজে ভর্তি হয়েছিল। অথচ নির্বাচনী পরীক্ষায় তারা কেউ জিপিএ-৪-এর বেশি পায়নি।
কলেজ সূত্র জানায়, ১৯৬৯ সালে মঠবাড়িয়া উপজেলা সদরে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৪ সালে এটি জাতীয়করণ করা হয়। শিক্ষকের ৩৪টি পদের মধ্যে ১৭টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। রসায়ন, পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ে শিক্ষকের দুটি করে এবং উদ্ভিদবিদ্যা বিষয়ে একটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য। অর্থনীতি, দর্শন ও ইতিহাস বিষয়ে শিক্ষকের তিনটি করে পদ থাকলেও শিক্ষক আছেন একজন করে। ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকের তিনটি করে পদ থাকলেও একটি করে পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া শরীরচর্চা শিক্ষক, মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক ও ভান্ডাররক্ষকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১৮টি পদের মধ্যে ১৩টি শূন্য।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিক্ষক না থাকায় কলেজের ফলাফল খারাপ হচ্ছে।
কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, নতুন শিক্ষকেরা এখানে এসে থাকতে চান না। কয়েক মাস থাকার পর আবার বদলি হয়ে চলে যান। গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে চাচ্ছে না। কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ ও সম্মান কোর্স চালু করতে হবে।
অধ্যক্ষ নির্মলেন্দু শীল প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকটের কারণে অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো ফল পাচ্ছি না।’