চারটি বেসরকারি মেডিকেলকে কারণ দর্শানোর সিদ্ধান্ত
কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত অগ্রাহ্য করে যে চারটি বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ক্লাস শুরু করেছে, তাদের কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা করে এই সিদ্ধান্ত নেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানান।
গতকালই প্রথম আলোয় কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত অগ্রাহ্য করে নতুন চারটি বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি কার্যক্রম শেষ করে এমবিবিএস প্রথম বর্ষে ক্লাস শুরু করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কেন চূড়ান্ত অনুমোদন ছাড়া অভিযুক্ত বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তি কার্যক্রম শুরু করল, তা জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ওই সব মেডিকেল কলেজের সব ধরনের অনুমোদন বাতিল করা হবে।