ঢাকার ধামরাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার ঘটনায় চারটি মামলা হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) পক্ষ থেকে গত শুক্রবার রাতে ধামরাই থানায় এসব মামলা করা হয়েছে।
অপমৃত্যু, ডাকাতির চেষ্টা, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলাগুলো করেছেন র্যা বের ওয়ারেন্ট কর্মকর্তা বখতিয়ার রহমান। অপমৃত্যুর মামলা ছাড়া বাকি মামলাগুলোতে বন্দুকযুদ্ধে নিহত মাসুক ও গ্রেপ্তার দুই নারীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তবে অপমৃত্যুর মামলায় কাউকে আসামি করা হয়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে বাদশা বছর সাতেক আগে গাজীপুরে শাহ্জালাল ব্যাংকে ডাকাতির ঘটনায় করা মামলার আসামি থাকার কথা স্বীকারও করেছেন। ওই ঘটনার সঙ্গে মাসুকও জড়িত ছিলেন বলে তিনি জানিয়েছেন।
ওসি রিজাউল বলেন, গাজীপুরের ব্যাংক ডাকাতির ঘটনায় বাদশা গ্রেপ্তারও হয়েছিলেন। পরে তিনি কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে ও মাসুককে র্যা ব নজরদারিতে রেখেছিল। ওই সূত্র ধরেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার র্যা ব ধামরাইয়ের হাজি রিয়াজ প্লাজার তিনতলার ফ্ল্যাটটিতে অভিযান চালায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই নারীসহ পাঁচজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়। আর ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গত শুক্রবার রাতে মাসুকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাসুক সিলেট কোতোয়ালি থানার শেখঘাট কলাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন।
নিহত মাসুকের স্ত্রী নাছিমা বেগম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাস দুয়েক আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর স্বামী আহত হন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। এ অবস্থায় তাঁর পক্ষে ব্যাংক লুটের চেষ্টার সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। নাছিমা আরও বলেন, ঘটনাস্থল থেকে র্যা বের হাতে আটক এক নারীর বোনের সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে সৃষ্ট কোনো দ্বন্দ্বের জের ধরে তাঁর স্বামীকে ধামরাইয়ের ওই ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। এরপর পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন নাছিমা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন দেওয়ান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সবুজ, বাদশা, রিয়াজুরকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আর দুই নারীকে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন।