চারটি রেলস্টেশন অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুর পর্যন্ত রেলপথের চারটি স্টেশনে রেলওয়ে পুলিশ বা কোনো নিরাপত্তাকর্মী নেই। ফলে স্টেশনগুলোতে যাত্রীদের প্রতিনিয়ত ছিনতাইকারী ও পকেটমারদের কবলে পড়তে হচ্ছে।রেলওয়ে সূত্রে জানা যায়, এ রেলপথে পাঁচটি স্টেশন রয়েছে। এগুলো হচ্ছে—বঙ্গবন্ধু সেতুর পূর্ব, টাঙ্গাইল, মহেড়া, মির্জাপুর ও কালিয়াকৈরের মৌচাক। ২০০৩ সালের আগস্টে এ পথে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এ লাইনে ১১টি ট্রেন চলাচল করে। যাত্রী ও স্টেশনের ব্যস্ততা বাড়ছে দিন দিন। কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ছাড়া অন্য চারটিতে এখন পর্যন্ত রেলওয়ে পুলিশ বা রেলওয়ে নিরাপত্তাকর্মী পদায়ন করা হয়নি। ফলে এসব স্টেশনে ছিনতাইকারী, পকেটমারদের খপ্পরে পড়ে যাত্রীরা সর্বস্ব তো হারাচ্ছেই; উপরন্তু রেলকর্মীদেরও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। টাঙ্গাইল স্টেশনের মাস্টার জালাল উদ্দিন জানান, নিরাপত্তাকর্মী বা রেলওয়ের পুলিশ না থাকায় যাত্রীরা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। ভোর সাড়ে তিনটায় খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস, ভোর পাঁচটায় দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস, সাড়ে পাঁচটায় নীলফামারী থেকে নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে এসে পৌঁছায়। এসব ট্রেন থেকে নামতে বা উঠতে গিয়ে অন্ধকারে যাত্রীরা ছিনতাইকারী ও পকেটমারদের খপ্পরে পড়ে।একই অবস্থা সন্ধ্যার পরের ট্রেনগুলোতেও। সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস, রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, রাত ১১টায় দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাত দেড়টায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে পৌঁছায়। প্রায় প্রতিদিনই এসব ট্রেনে উঠতে বা নামতে গিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়তে হয় যাত্রীদের। গত বুধবার রাত সাড়ে নয়টায় সরেজমিন টাঙ্গাইল স্টেশনে দেখা যায়, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন এসে থামল। ভিড়ের মধ্যে যাত্রীদের উঠতে-নামতে হিমশিম খেতে হচ্ছে। ট্রেনের নিয়মিত যাত্রী জহিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ ছিনতাইকারীরা ট্রেন থামার পর দরজায় কৃত্রিম ভিড় সৃষ্টি করে। আর ভিড় ঠেলে ওঠার সময় মানিব্যাগ, মুঠোফোন ছিনিয়ে নেয়।আশরাফুল ইসলাম নামে অপর এক যাত্রী বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমার মানিব্যাগ ছিনিয়ে নিতে দেখে ছিনতাইকারীদের পেছনে ছুটি। কিন্তু ধরতে সাহস পাইনি।’ রেলওয়ে সূত্রে জানা যায়, এসব স্টেশনে কোনো অপরাধ সংঘটিত হলে ঢাকার কমলাপুর রেলওয়ে থানা বা গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে ব্যবস্থা নিতে হয়। রেলস্টেশন এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে সে মামলাও করতে হয় কমলাপুর বা গাজীপুরে। তাই ছিনতাই বা পকেটমারের শিকার হয়েও যাত্রীরা ঝামেলার কারণে মামলা থেকে বিরত থাকে। এতে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়।টাঙ্গাইলে একটি রেলওয়ে পুলিশ ফাঁড়ি এবং স্টেশনগুলোতে রেলওয়ে নিরাপত্তাকর্মী পদায়ন করা হলে এই স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়বে বলে মনে করেন টাঙ্গাইলের স্টেশনমাস্টার জালাল উদ্দিন ও মির্জাপুরের স্টেশনমাস্টার লুৎফর রহমান। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তা অসীম তালুকদার প্রথম আলোকে বলেন, লোকবল সমস্যার কারণে স্টেশনগুলোতে নিরাপত্তাকর্মী দেওয়া যাচ্ছে না। তবে নিয়োগপ্রক্রিয়া চলছে।