চারটি সেতু, ১২টি কালভার্ট ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চারটি সেতু ও ১২টি কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নড়বড়ে এসব সেতু ও কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস ও ভারী যানবাহন চলাচল করছে। এ অবস্থায় সেতু বা কালভার্টের যেকোনো একটি যেকোনো মুহূর্তে ধসে প্রাণহানি ঘটতে পারে। দীর্ঘদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চট্টগ্রাম শহরের সঙ্গে তিন উপজেলার যোগাযোগব্যবস্থা। কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, কাপ্তাই থেকে চট্টগ্রাম রাস্তার মাথা পর্যন্ত প্রায় ৪৯ কিলোমিটার সড়কে তিনটি বড় ও আটটি মাঝারি সেতু রয়েছে। এর মধ্যে দুটি বড় এবং দুটি মাঝারি সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। শওকত হোসেন আরও জানান, সড়কের কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সেতুর পশ্চিম পাশের গোড়ায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তলার মাটি ধসে সেতুটি কাত হয়ে গেছে। যানবাহন চলাচল করার সময় সেতুটি নড়ে ওঠে। কাপ্তাই বাসযাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ জানান, সড়কের রাঙ্গুনিয়া অংশে মরিয়মনগর চৌমুহনী সেতুর তলদেশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। সেতুটির গাইড ওয়াল ভেঙে সড়ক নিচের দিকে দেবে গেছে। সড়কের আটটি স্পেনের গোড়া সেতু থেকে আলাদা হয়ে গেছে। এ অবস্থায় যানবাহন চলাচল করতে গিয়ে সেতুটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সরেজমিনে দেখা গেছে, রাঙ্গুনিয়ার রোয়াজার হাটের ইছামতী নদীর ওপর নির্মিত সেতুটির নয়টি স্পেনের প্রতিটির গোড়ায় বড় ধরনের ফাটল রয়েছে। এমনকি গাইড ওয়াল ভেঙে সেতু থেকে সংযোগ সড়ক প্রায় এক ফুট নিচের দিকে দেবে গেছে। চলাচলের সময় ফাটলে পড়ে প্রায়ই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। কাপ্তাই বাস চালক সমিতির সভাপতি মো. হারুন জানান, কাপ্তাই সড়কের রাউজান অংশের পাহাড়তলী বাজারের কাছের সেতুটি একেবারে জরাজীর্ণ। সেতুটির ধারক দেয়াল ভেঙে পড়েছে। গাইড ওয়াল ধসে দেবে গেছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর গ্যালভানাইজ তার দিয়ে বেঁধে দেওয়ায় সেতুটির ওপর দিয়ে কোনো রকমে যানবাহন চলাচল করছে। সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চারটি সেতু ছাড়াও হাটহাজারী অংশে তিনটি, রাউজান অংশে তিনটি, রাঙ্গুনিয়া অংশে চারটি ও কাপ্তাই অংশে দুটি বক্স কালভার্টের অবস্থা অত্যন্ত নাজুক। সওজ বিভাগ ঝুঁকিপূর্ণ এসব সেতু ও কালভার্টের গোড়ায় লাল নিশান বা ‘ঝুঁকিপূর্ণ সেতু’ লেখাসংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দায়িত্ব শেষ করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গুনিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল কাসেম প্রথম আলোকে বলেন, এই অর্থবছরের মধ্যে তিনটি কালভার্ট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কাদেরনগর গোডাউন এলাকায় একটি কালভার্টের কাজ শুরু হয়েছে।