চারটি সেতুর নির্মাণকাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় (এবিসি) মহাসড়কের কক্সবাজারের পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ চারটি সেতুর নির্মাণকাজ প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। সেতুগুলোর নির্মাণকাজ শেষ না হওয়ায় একদিকে যেমন ওই মহাসড়ক চালু করা যাচ্ছে না; পাশাপাশি নষ্ট হচ্ছে সেতুগুলোর অবকাঠামো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবিসি মহাসড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দুটি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় দুটি সেতুর নির্মাণকাজ তিন বছর আগে শেষ করার কথা। সওজ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ডিসেম্বরে বিগত চারদলীয় জোট সরকারের আমলে এবিসি মহাসড়কের পেকুয়া উপজেলার সীমান্ত এলাকা টৈটং গ্রামে তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৫ সালে সংশ্লিষ্ট ঠিকাদারের মৃত্যু হলে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে ওই মহাসড়কের নির্মাণকাজ শেষ হলেও অসমাপ্ত সেতুর কারণে পেকুয়ার সঙ্গে চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ চালু করা যাচ্ছে না।শীলখালী গ্রামের লবণচাষি আলতাফ হোসেনসহ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, সেতুটি নির্মিত না হওয়ায় উপজেলার কয়েক লাখ মানুষকে ৫০ কিলোমিটার পথ ঘুরে চকরিয়া হয়ে চট্টগ্রাম যাতায়াত করতে হচ্ছে।একই সময়ে সওজ ওই মহাসড়কের পেকুয়া উপজেলার কাটাফাঁড়ি এলাকায় তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘সমুদ্র সরণি’ নামে আরেকটি সেতুর নির্মাণকাজ শুরু করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশ্লিষ্ট ঠিকাদার সেতুর নির্মাণকাজ বন্ধ করে আত্মগোপন করায় কার্যাদেশ বাতিল করা হয়। গত চার বছরেও আর কাজ শুরু করা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এরই মধ্যে সমুদ্র সরণি সেতুর নির্মাণকাজ শুরু করা হয়েছে। চার মাস আগে ওই সেতুর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংসদ সাফিয়া খাতুন। অপর সেতুর নির্মাণকাজও শিগগিরই শুরু করা হবে। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০০২ সালে ছয় কোটি টাকা ব্যয়ে উপজেলার উজানটিয়া-করিয়ারদিয়া সড়কে একটি এবং ছয় কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উজানটিয়া-মাতারবাড়ি মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশ্লিষ্ট দুই ঠিকাদার আত্মগোপন করায় সেতু দুটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সেতু দুটির সাগরতল থেকে উঠানো চারটি খুঁটি ইতিমধ্যে স্রোতের তোড়ে হেলে গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে এলজিইডির সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ রাখার অভিযোগে নিয়োগপ্রাপ্ত দুই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।