চারটি স্থায়ী কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত সিটি করপোরেশনের দ্বিতীয় সাধারণ সভায় এসব কমিটি গঠন করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, অর্থ ও সংস্থাপন-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হালিশহর মনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলমকে। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশকে বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হককে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা কমিটির সভাপতি এবং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলকে ক্রীড়া ও সংস্কৃতি কমিটির সভাপতি করা হয়।
সূত্র জানায়, করপোরেশনের বাকি ১০টি স্থায়ী কমিটি ৭ সেপ্টেম্বর গঠন করা হবে।
সভা সূত্র জানায়, নগর ভবনে কাউন্সিলরদের জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতি দাবি জানান কাউন্সিলররা। আগে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের জন্য পৃথক কক্ষ বরাদ্দ ছিল। তবে আ জ ম নাছির উদ্দীন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাধারণ কাউন্সিলরদের কক্ষটি সম্মেলনকক্ষ হিসেবে গড়ে তোলা হয়। আর সংরক্ষিত কাউন্সিলরদের কক্ষ ব্যবহৃত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তর হিসেবে।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলরদের জন্য নগর ভবনে আলাদা একটি কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য মেয়রের প্রতি অনুরোধ করেছি। তবে মেয়র আপাতত সম্মেলনকক্ষে বসতে বলেছেন। তিনি (মেয়র) বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।’
সভায় সভাপতির বক্তব্যে মেয়র আ জ ম নাছির বলেন, আগামী এক বছরের মধ্যে চট্টগ্রাম নগরকে গ্রিন সিটিতে উন্নীত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। আর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে করপোরেশনকে স্বচ্ছ ভিত্তির ওপর দাঁড় করানো হবে। এর মধ্যে সংশ্লিষ্ট সবাইকে সংশোধন হতে হবে। এরপরও কোনো ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।