চারটি স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজারে গত রোববার রাতে চারটি সোনার দোকান থেকে টাকা, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ব্যবহৃত তিনটি তাজা বোমা উদ্ধার করে৷
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ওই বাজারে রোববার দিবাগত রাত দুইটায় ১৫-২০ জনের একটি ডাকাত দল হানা দেয়৷ ডাকাতেরা বাজারের নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে মা জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে৷ পরে তারা একইভাবে আরও তিনটি সোনার দোকানে ঢুকে স্বর্ণালংকার, টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে৷