চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মনজুর-ই-খোদার ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসকেরা। একই সঙ্গে জেলা শহরে মানববন্ধন করে চিকিৎসকেরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ মেডি-কেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁপাই-নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জানান, সকাল নয়টা থেকে সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২টার দিকে কর্মবিরতি শেষ হয়। তবে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। তবে এ সময় জরুরি বিভাগ খোলা থাকবে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন আবু ইউসুফ চিকিৎসকদের কর্মবিরতি পালনের খবর নিশ্চিত করেছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিএমএর চাঁপাইনবাবগঞ্জ শাখা ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা। মানববন্ধন থেকে বিএমএর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে গোটা জেলাতেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচির ঘাষণা দেওয়া হবে।প্রসঙ্গত, ৮ অক্টোবর বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হামলার শিকার হন নচোল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মনজুর-ই-খোদা। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ১০-১১ জনকে আসামি করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, পুলিশ তৎপর থাকলেও আসামিদের পাওয়া যাচ্ছে না।