চারটি সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার তিন নারীসহ আটজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার আমতলীতে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্রমিকবাহী ওই লেগুনার চালক এনামুল হক (২৫), হালিমা (৩০), ফাতেমা (৩৫) ও রফিকুল ইসলাম (১৮) নিহত হন। দুর্ঘটনায় আহত ১৫ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, দুর্ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীপুরের উত্তরসুর এলাকায় বিকেলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দীলিপ দেবনাথ (৪০) ও অজ্ঞাত একজন নারী (৩২) নিহত হন। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অটোরিকশার চালক মুহিদ মিয়াকে (৩০) মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল-সাগরদীঘি সড়কের কুশারিয়ায় সকাল সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর চৌধুরী (৩০) নামের এক কেব্ল ব্যবসায়ী নিহত হন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সইলপুর গ্রামে।দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফিরুজ মিয়া (২৫) নামের এক ব্যক্তি সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি শাল্লা উপজেলার ভাটগাঁও গ্রামে। গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় দিরাই-মদনপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরুজ মিয়াসহ চারজন আহত হন।শিশু আহত: গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কে ট্রাকচাপায় এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুর নাম স্বপ্না বেগম (৭)। সে উপজেলার শাহপুর গ্রামের হোসেন আলীর মেয়ে। শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পর থেকেই সালুটিকর-গোয়াইনঘাট সড়ক দুই ঘণ্টা অবরোধ করেন। সকাল ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সিলেটের ধোপাগুলের উদ্দেশে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়।