চারটি হোটেলকে ৮৬ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা-বাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশের জন্য চট্টগ্রাম নগরের চারটি হোটেলকে ৮৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার নগরের বিমানবন্দর ও কাটগড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ। তাঁকে সহায়তা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
বিমানবন্দর এলাকার এয়ারপোর্ট রেস্টুরেন্টের ফ্রিজে পচা-বাসি মাংস ও মাছ পাওয়া যায়। হোটেলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আমানত কার্গো হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাটগড় এলাকার নেওয়াজ হোটেলকে ১৬ হাজার টাকা এবং একই এলাকার মা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান বিকাশ চন্দ্র দাশ।