পাবনার আটঘরিয়া, ফেনীর ছাগলনাইয়া, নাটোরের বনপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নরসিংদীর রায়পুরা ও ঘোড়াশাল এবং পটুয়াখালীর গলাচিপা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভার গতকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতেই এসব পৌরসভার নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে চারটিতে আওয়ামী লীগ-সমর্থকেরা এবং অপর চারটিতে বিএনপি-সমর্থকেরা বিজয়ী হয়েছেন।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: আটঘরিয়া পৌরসভার বিজয়ী হয়েছেন আটঘরিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। ২০০৬ সালের ২০ জুলাই আটঘরিয়া উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে আটঘরিয়া পৌরসভা গঠিত হয়। সীমানাসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর পৌরসভায় নির্বাচন হয়নি। ছাগলনাইয়া (ফেনী): ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন নয় হাজার ৫৬টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আবু তাহের পেয়েছেন তিন হাজার ৩০৮ ভোট। নাটোর: বনপাড়া পৌরসভায় ৪০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কে এম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৭৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহুয়া নূর কচি পেয়েছেন তিন হাজার ৭২৮ ভোট। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা পৌরসভায় মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ইলিয়াছ আট হাজার ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মো. মোশাররাফ হোসেন ইকবাল পান সাত হাজার ৪৬৯টি ভোট। নরসিংদী: নরসিংদীর রায়পুরা পৌরসভায় মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল কুদ্দুস এবং পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা বিজয়ী হয়েছেন। আবদুল কুদ্দুস আট হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা পান পাঁচ হাজার ৯৪৭টি ভোট। ঘোড়াশাল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত শরিফুল হক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ ইলিয়াছের চেয়ে ২৫৩টি ভোট বেশি পেয়ে জয়ী হন। গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত আবদুল ওহাব তিন হাজার ৩১২টি ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবু তালেব মিয়া পান দুই হাজার ৬৬৩টি ভোট। খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. শাহজাহান কাজী নির্বাচিত হয়েছেন। তিনি ছয় হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ তিন হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।